1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম

সাভারের ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সাভারে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। এতে মহাসড়কের কয়েকটি পয়েন্টে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, গাজীপুরের চন্দ্রায় এবারও সৃষ্টি হয়েছে যানজট। যা গিয়ে ঠেকেছে জিরানী পর্যন্ত। জিরানী, কবিরপুর, বাড়ইপাড়া, জুম্মআ ঘরসহ কয়েকটি পয়েন্টে যানবহনের দীর্ঘ সারি। ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘণ্টা। এছাড়াও, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ডে রয়েছে যানবাহনের তীব্র জটলা। এস কে পরিবহনের চালক আলাউদ্দিন বলেন, পথে পথে জটলা। রাজধানী গাবতলী থেকে চন্দ্রা আসতে সময় লেগেছে প্রায় সাড়ে চার ঘণ্টা। হেমায়াতপুর, আমিনবাজার, নবীনগর শেষমেষ চন্দ্রায় এসে যানজটে পড়তে হয়েছে। তবে এবারও ভাড়া বৃদ্ধি অভিযোগ রয়েছে যাত্রীদের। বাইপাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সুমন হাওলাদার। তিনি বলেন, পরিবহনগুলো কয়েক গুণ বাড়তি ভাড়া চাচ্ছে। প্রশাসনের সামনে দর কষাকষি করছে পরিবহন শ্রমিকরা। এতে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেক যাত্রী মজিদ বলেন, দুপুর থেকে যানবাহনের জন্য অপেক্ষা করছি। যেগুলো পাচ্ছি তারা প্রায় দুই গুণ ভাড়া চাচ্ছে। কোনো কিছু না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে চড়েছি। এদিকে, প্রতিটি বাসস্ট্যান্ডে শত শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে পণ্যবাহী ট্রাক, বাসের ছাদ ও পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে ছুঁটছেন। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যাত্রীর ও গাড়ির চাপ রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজট আছে। যা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত আরও ৬৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যারা তিনটি শিফটে ডিউটি করছে। এছাড়া ঈদে গার্মেন্টসের লাখও পোশাক শ্রমিকদের ঈদ যাত্রায় বাইপাইল ও নবীনগর মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস দীর্ঘ সময় ধরে অপেক্ষমান থাকে। এ বাসগুলোর কারণে যেন মহাসড়কে ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun