বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে এবারও ঈদুল আজহার নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের আধিক্যের কারণে কোরবানির দিন (২৮ মে) সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ঈদের জামাত ও কোরবানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ। বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহা উপলক্ষে এবারও তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। তিন জামায়াতে মোট ছয় হাজার মুসল্লী নামাজ আদায় করবেন। মসজিদের ভেতরে একসঙ্গে দেড় হাজার ও বাইরে পাঁচ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।