টঙ্গী বাজারে একটি দোকানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। নিহত রৌদ্র টঙ্গী বাজারের রৌদ্র জুয়েলারী ওয়ার্কসের মালিক গৌতম দত্তের ছেলে। স্থানীয়রা জানায়, টঙ্গী বাজারে সালেহা মার্কেট ভবনের নীচতলায় রৌদ্র জুয়েলারী ওয়ার্কস অবস্থিত। দোকানটি সেপটিক ট্যাংকের ওপরে নির্মিত ছিল। নিহত দোকানদার দীর্ঘদিন ধরে ওই দোকান ভাড়া নিয়ে শাখা ও সিঁদুর বিক্রি করতেন। ঈদকে সামনে রেখে অনেক কাজের চাপ থাকায় অনেক রাত পর্যন্ত ওয়ার্কসপে কাজ চলছিল। দোকানে কাজ চলা অবস্থায় হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা দোকানদারের পুরো শরীর গুরুতরভাবে দগ্ধ হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার উত্তরাস্থ আইচি হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।