1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

চার বছর আগের কলঙ্ক ভুলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে রেইনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো মঙ্গলবার ২৬ জনের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন। দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জিওভান্নি রেইনা। চার বছর আগে কাতার বিশ্বকাপে তৎকালীন কোচ গ্রেগ বার্হাল্টারের সঙ্গে বিবাদের জেরে তাকে প্রায় দেশে ফেরত পাঠানো হয়েছিল।

বরুসিয়া মনশেনগ্লাডবাখের এই মিডফিল্ডার গত মার্চে বেলজিয়াম ও পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গত নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে পচেত্তিনোকে মুগ্ধ করার পরই তার দলে ফেরার পথ তৈরি হয়।

২৩ বছর বয়সী রেইনা এই বছরের শুরু থেকে ক্লাব পর্যায়ে বেশি খেলার সুযোগ পাননি। বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের হয়ে মাত্র আটটি ম্যাচে বদলি হিসেবে নেমেছেন। তবে তিনি পচেত্তিনোর কাছে সবচেয়ে প্রতিভাবান আক্রমণাত্মক খেলোয়াড়দের একজন।

নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে দল ঘোষণার পর পচেত্তিনো বলেন, ‘আমরা সব পরিস্থিতি দেখে, বিশ্লেষণ করে ২৬ জনকে বেছে নিয়েছি।’ দল থেকে বাদ পড়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কোচ। তিনি বলেন, ‘যারা দলে নেই তাদের নিয়ে কথা বলা উচিত নয়, কারণ এটা দলে থাকা খেলোয়াড়দের প্রতি সম্মানের বিষয়।’

নিজের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ‘১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে আমি প্রথমে দলের বাইরে ছিলাম, পরে দলে জায়গা পেয়েছিলাম। তাই জানি বাদ পড়া কতটা কষ্টের।’

দলে ইউরোপ-ভিত্তিক খেলোয়াড়রাই বেশি। এসি মিলানের ক্রিশ্চিয়ান পুলিসিচ, ইউভেন্তুসের ওয়েস্টন ম্যাককেনি ও মোনাকোর ফোলারিন বালোগুন দলে আছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আছেন টাইলার অ্যাডামস (বোর্নমাউথ), ব্রেন্ডেন অ্যারনসন (লিডস), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস) এবং অ্যান্টোনি রবিনসন (ফুলহ্যাম)।

মেজর লিগ সকার থেকেও কয়েকজন দলে সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক কোচ বার্হাল্টারের ছেলে সেবাস্তিয়ান বার্হাল্টার, যিনি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে খেলেন।

যুক্তরাষ্ট্র ১২ জুন লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের গ্রুপ ডি-তে প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে।

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের স্কোয়াড-

গোলকিপার: ক্রিস ব্রেডি (শিকাগো ফায়ার), ম্যাট ফ্রিস (নিউ ইয়র্ক সিটি), ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোলিউশন)

ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুজ), টিম রিম (শার্লোট এফসি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টোনি রবিনসন (ফুলহ্যাম), মাইলস রবিনসন (সিনসিনাটি), জো স্ক্যালি (মনশেনগ্লাডবাখ), অস্টন ট্রাস্টি (সেলটিক)

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস (বোর্নমাউথ), সেবাস্তিয়ান বার্হাল্টার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস), ওয়েস্টন ম্যাককেনি (ইউভেন্তুস), ক্রিশ্চিয়ান রোলদান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডেন অ্যারনসন (লিডস ইউনাইটেড), ক্রিশ্চিয়ান পুলিসিচ (এসি মিলান), জিও রেইনা (মনশেনগ্লাডবাখ), মালিক তিলমান (বায়ার লেভারকুজেন), টিম ওয়েহ (মার্সেই), আলেহান্দ্রো জেন্দেহাস (ক্লুব আমেরিকা)

ফরোয়ার্ড: ফোলারিন বালোগুন (মোনাকো), রিকার্দো পেপি (পিএসভি), হাজি রাইট (কভেন্ট্রি সিটি)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun