1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতামূলক মাইকিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

পঞ্চগড় সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সচেতন করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে মাইকিং করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার (২৭ মে) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকার মসজিদে জনসচেতনতামূলক মাইকিং করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

এদিকে স্থানীয় সূত্র বলছে, বিজিবির পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সীমান্ত অপরাধের তথ্য দ্রুত বিজিবিকে জানাতে বলা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশে সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্ত বাজার ও মসজিদ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একইসঙ্গে সীমান্ত টহলও বাড়ানো হয়েছে, যা বেশ কিছুদিন ধরে চলমান রয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনসচেতনতা বাড়াতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণকে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া চোরাচালান প্রতিরোধেও বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ পুশইন, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun