ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে মহাসড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। দিগন্ত গার্মেন্টসের সামনে থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে এসব যানবাহনের চালকদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। এদিকে অবরোধের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকদের কেউ কেউ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল ৯টার পর থেকে নাওজোর এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।