1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মন্ত্রিত্ব এমন কোনো সোনার হরিণ নয়, সোনার বাটিও নয়। আমাকে দেখলেই বোঝা যায়, আমি দায়িত্বশীল মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে আমি অনেক কষ্টের মধ্যে আছি। কারণ, যে কয় টাকা বেতন দেয়, ওই কয় টাকা দিয়ে সংসার চলে? এ জন্য এখন আবার দুই ঘণ্টা করে রোগী দেখা শুরু করছি। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখি, যাতে সংসারটা একটু ভালো চলে।’

আজ বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।

মন্ত্রিত্ব লোভনীয় বিষয়—সমালোচকদের এমন কথা প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলেন, মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়। এটি হয়তো ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়। মন্ত্রিত্ব খুবই কঠিন দায়িত্ব। সকালবেলা ফজরের নামাজের পর ছয়টা থেকে দৌড় শুরু করতে হয়। কখন রেডি হব, কখন অফিসে যাব, কখন কাজ করব, রাত দুইটা পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হয়। কারণ, এটা একটা কঠিন দায়িত্ব। এটা কোনো লোভনীয় বিষয় নয়।’

বিরোধী দলের রাজনৈতিক নেতাদের উদ্দেশে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চব্বিশের (২০২৪) আগস্ট মাসের পরে বা ছত্রিশ জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দামি দামি কাপড়চোপড় পরে। উনাদেরও আমাদের জানার আগ্রহ। আমাদের তো ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কত দিন আগে খুলেছেন? ট্যাক্স ফাইলের কী অবস্থা? আয়নায় দয়া করে চেহারাগুলো দেখে নিন। জনসমক্ষে উপস্থাপন তো করবেন। আমরা কিন্তু এই ইলেকশনের আগে আমাদের ট্যাক্স বা সম্পদের স্টেটমেন্ট দিয়েছি, সেটা ওয়েবসাইটে গেলেই মানুষ দেখতে পারে।’

স্বৈরাচার ও গণতন্ত্র প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের আমল অথবা অন্তর্বর্তী সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা অথবা এই ১০২ দিনের কর্ম মন্ত্রিত্ব নিয়ে যাঁরা কটাক্ষ করার চেষ্টা করেন, তাঁদের বলব—ভাই, স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার, বর্তমান মন্ত্রীরা এবং বর্তমান প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। কারণ, জনগণের নির্বাচিত ও জনগণের দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার এবং প্রশাসন। সে জন্যই আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’

অতীতের ভুলের বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা ভুল করেছি, কিন্তু ভুল যেগুলো আগে হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, সেগুলো যেন আবার আমরা করতে উৎসাহিত না হই। সেই বিষয়টা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে দেশের মানুষকে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জনমত তৈরিতে আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, বিএনপির হাকিমপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun