যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ। সেগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত।
দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে একটি এলপিজিবাহী ট্যাংকার, পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, তিনটি কন্টেইনার জাহাজ, দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার।
উপেশ কুমার শর্মা বলেন, ‘আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা।’
জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা।
সেই ট্যাংকার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫-২৬ মে হরমুজ প্রণালি অঞ্চল থেকে ভারতের দিকে রওনা হয়েছে নিসোস কেরোস।
উপেশ জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, ‘ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।’