এমপিওভুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করে সরকারি সুযোগ-সুবিধার সমতা নিশ্চিত করার দাবি জানানো হয়।গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বক্তারা এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ও শিক্ষা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তোলা হয়।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।তিনি বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। মাদ্রাসায় ডে-মিল ও উপবৃত্তি চালুর পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ও মেডিকেল ভাতা দিতে হবে। নবম পে-স্কেল অনুযায়ী ভাতা প্রদান এবং শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিও জানান তিনি।বদলির বিষয়ে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সব শিক্ষকের দ্রুত বদলির আদেশ দিতে হবে। তা না হলে মাদ্রাসা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী, অধ্যক্ষ মোজাম্মেল হক ও অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল।সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ লোকমান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোবারক হোসেন। সম্মেলনে অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়।বক্তারা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান সমস্যা ও বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।