1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শায়রুল হাসানকে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাঁদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।

নবনিযুক্ত চেয়ারম্যান কাজী শায়রুল হাসান বেসরকারি খাতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অন্যদিকে আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জুগিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটির অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun