কাতারে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা আইনত নিষিদ্ধ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা বা জরুরি উদ্ধারকাজের সময় ভুক্তভোগী ও আহতদের ভিডিও ধারণ করা সম্পূর্ণ বেআইনি। কাতারের পেনাল কোডের ৩৩৩ নম্বর ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার ক্রাইম বা এ ধরনের অপরাধের অভিযোগ মেট্রাশ২ (Metrash2) অ্যাপের মাধ্যমে সহজেই জানানো সম্ভব। জননিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।