1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যান্সারের চিকিৎসা প্রতিষ্ঠান নুভ্যালেন্টকে কিনছে ব্রিটিশ ওষুধ কোম্পানি জিএসকে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে ক্যান্সার চিকিৎসা গবেষণায় বিশেষায়িত যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান নুভ্যালেন্টকে ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনতে সম্মত হয়েছে। মঙ্গলবার তারা এ তথ্য জানিয়েছে।

জিএসকে এক বিবৃতিতে জানায়, চুক্তির আওতায় ফুসফুসের ক্যান্সারের তিনটি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জিএসকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা লুক মিয়েলস বলেন, এ সব চিকিৎসার মধ্যে দুটি এমন সম্ভাবনাময় সম্পদ, যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে, চলতি বছরই বাজারে আসতে পারে এবং এর নিজ শ্রেণিতে সেরা চিকিৎসা হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিএসকে জানিয়েছে, তারা চলতি বছরের মধ্যেই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে, শেষ পর্যায়ের দুটি ওষুধ- জাইডেসামটিনিব ও  নেলাডালকিব ২০২৬ সাল শেষ হওয়ার আগেই বাজারে আনা সম্ভব হতে পারে।

নুভ্যালেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস পোর্টার বিবৃতিতে বলেন, ‘জিএসকে’র সফলতার প্রমাণিত ইতিহাস, অবকাঠামো এবং দক্ষতা জাইডেসামটিনিব ও নেলাডালকিবের সফল বাণিজ্যিকীকরণে সহায়তা করবে। একই সঙ্গে আমাদের বৃহত্তর গবেষণা কার্যক্রমের অগ্রগতিও ত্বরান্বিত করবে।’

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির কারণে বৈশ্বিক ওষুধ শিল্প অস্থিরতার মুখে পড়ে। 

জিএসকে ও যুক্তরাষ্ট্রের বাইরের আরও কয়েকটি বৃহৎ ওষুধ কোম্পানি গত ডিসেম্বরে মার্কিন রোগীদের জন্য প্রেসক্রিপশন ওষুধের দাম কমাতে সম্মত হয়। এর বিনিময়ে তারা তিন বছরের জন্য শুল্ক ছাড় পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun