রাজধানীতে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও মাদক জব্দসহ ৪ জনকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। সজলের তথ্যমতে ওয়ারী বিভাগের গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসা থেকে পুলিশ আরও তিন সহযোগীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছাম্মত শামসুন্নাহার (৪৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সজলের বাসা থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতার অভিযান চলাকালীন ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতরা আদালতে কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সজলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে।