বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত মঙ্গলবার জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে মোকামতলা উপজেলার নির্দিষ্ট কয়েকটি মৌজা ও এলাকার সমন্বয়ে শহর এলাকা ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে ওই এলাকাগুলোকে কেন্দ্র করে নতুন পৌরসভা গঠনের পথ সুগম হবে।
প্রস্তাবিত শহর এলাকার অন্তর্ভুক্ত মৌজাগুলোর মধ্যে রয়েছে— ভাগকোলা, চকরামচন্দ্রপুর, কাশিপুর, লক্ষ্মীপুর, শঙ্করপুর, চাকলমা, মুরাদপুর, মালাহার ও চকপাড়া।
এসব মৌজার নির্ধারিত আরএস দাগ নম্বরসমূহ প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার ( পৗরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩(৩) অনুযায়ী এই অভিপ্রায় ঘোষণার বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদসমূহ গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সরকারের কাছে লিখিত আপত্তি দাখিল করতে পারবে।
পরবর্তীতে আইনটির ধারা ৩(৪) অনুযায়ী সরকার উত্থাপিত আপত্তিগুলো তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
সরকারের এ পদক্ষেপের ফলে মোকামতলা অঞ্চলে পরিকল্পিত নগরায়ন, উন্নত নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।