নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে শহরের বন্ধন কনভেনশন হলে ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ। অনুষ্ঠানটির প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। এছাড়া সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।
আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত দক্ষতা অর্জনের পথে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।