মধুপুর থেকে দেওয়ানগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ আসে স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৯, নান্দাইল) এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নিকট। বিষয়টির খোঁজ নিয়ে দ্রুত তা মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। নির্দেশনা পেয়ে সমস্যা দূর করে তা দ্রুত চলাচলের উপযোগী করতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), কিশোরগঞ্জ সড়ক বিভাগ।
এ প্রসঙ্গে নান্দাইল সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির জাতীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, মেরামত চলাকালীন ভারী যানবাহন চলায় সড়কের বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ লাঘবে কাজ শুরু হয়েছে। সাময়িক সমস্যা লাঘবের পর এখন স্থায়ী সমাধনের জন্য কাজ করছে সড়ক বিভাগ।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বাসস’কে বলেন, স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন। যদিও এটি সড়ক বিভাগের কাজ তবুও উপজেলা প্রশাসন জনদুর্ভোগ লাঘবে তৎপর রয়েছে।
জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বাসস’কে বলেন, সড়কটি আধুনিক মানের করে নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তা বাড়াতে পরিকল্পনা কমিশনে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিতে দেবে যাওয়া অংশগুলোকে দ্রুত মেরামত করে দেওয়া হয়েছে। বাকী কাজও দ্রুততম সময়ে শেষ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সড়কটির বেহাল দশা নজরে আসার পরপরই তিনি এটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জ সড়ক বিভাগ এবং ময়মনসিংহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সড়কটি দ্রুত মেরামতের নির্দেশ দেন।
ইয়াসের খান চৌধুরী আরও জানান, তিনি নিজেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং পুরো বিষয়টির ওপর নিবিড় নজর রাখছেন। কয়েক বছর আগেই এই সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও ঠিকাদার কেন কাজ বন্ধ রেখেছিলেন, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি লাঘবে আমরা অঙ্গীকারবদ্ধ। সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।