সরকার যদি ৬ দফা দাবি মেনে না নেয়, তবে তা সরকার পতনের এক দফার আন্দোলনে রূপান্তর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা আল্লাহর ওপর ভরসা রেখে এবং প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি। সরকারকে আহ্বান জানাব, সময় থাকতে আপনারা দাবিগুলো মেনে নিন। অন্যথায় এই ৬ দফা এক দফায় পরিণত হবে, আর তা হলো সরকারের পদত্যাগ।
গত ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অনেকে প্রশ্ন করেন এত তেল খরচ করে কেন আমরা লংমার্চ করছি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে এবং দেশের মানুষের অধিকার আদায়ে আমরা বদ্ধপরিকর।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমান। সভায় জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লংমার্চের এই কর্মসূচি বাংলার প্রতিটি আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।