1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বোর্ডিং পাস নিয়েও ১০ মাসের শিশুকে বিমানে বাধা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোর্ডিং পাস পাওয়ার পরেও মাত্র ১০ মাসের এক স্তন্যপায়ী শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনায় কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কেরলের উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। এয়ারলাইন্সটির এমন আচরণকে আদালত ‘চূড়ান্ত অমানবিক’, পরিষেবায় গুরুতর ত্রুটি এবং অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেছে। এই ভোগান্তির দায়ে বিমান সংস্থাটিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ইতালিতে বসবাসরত এক ভারতীয় পরিবার কোচি বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ফিরছিলেন। বিমানবন্দরে যাবতীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করার পর এয়ারলাইন্স কর্মীরা তাদের বোর্ডিং পাস ইস্যু করেন। কিন্তু নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ওই পরিবারের দুই শিশুকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়, যার মধ্যে ১০ মাসের ওই দুধের শিশুটিও ছিল। কোনো যৌক্তিক কারণ ছাড়াই এমন সিদ্ধান্তের ফলে ওই পরিবার চরম মানসিক যন্ত্রণা ও হয়রানির শিকার হয়, যা তাদের বাধ্য করে আদালতের দ্বারস্থ হতে।

মামলার শুনানিতে কেরলের ভোক্তা কমিশন অত্যন্ত স্পষ্ট ভাষায় জানায়, একবার এয়ারলাইন্স কর্তৃপক্ষ নথি যাচাই করে বোর্ডিং পাস ইস্যু করার পর, কোনো বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে ভ্রমণ থেকে আটকানো যায় না। বিশেষ করে একটি দুধের শিশুকে নিয়ে সফররত পরিবারের সঙ্গে এমন একতরফা আচরণ অত্যন্ত অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছে আদালত।

বিচারক কাতার এয়ারওয়েজকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা এবং আইনি খরচ বাবদ আরও ২৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ করা না হলে তার ওপর সুদ প্রযোজ্য হবে। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য একটি বড় বার্তা। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে যাত্রীদের বিমানে উঠতে বাধা দেওয়ার মতো একতরফা সিদ্ধান্তের দায় যে এয়ারলাইন্সগুলোকে বহন করতে হবে, এই রায়ের মাধ্যমে তা আরও একবার নিশ্চিত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun