কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়ছে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্য। এ বিষয়ে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ উদ্বেগের কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে কৃষি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতামূলক তথ্য দিয়ে মাঠ পর্যায়ে সহায়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া কৃষি শিক্ষা, গবেষণা এবং মাঠ পর্যায়ের সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।