1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

তানোরে ‘চলো পড়তে শিখি’ প্রতিযোগিতায় ৩০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর তানোরে শিক্ষার্থীদের পাঠ দক্ষতা বৃদ্ধি এবং বই পড়ার আগ্রহ তৈরির উদ্দেশ্যে বাস্তবায়িত ‘চলো পড়তে শিখি’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পাঠ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মণ এবং এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক সংস্থা সূত্রে জানা যায়, তানোর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ধাপ অতিক্রম করে উপজেলার মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এসব কৃতি শিক্ষার্থীকে উৎসাহিত করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক উপকরণ হিসেবে চেয়ার ও টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমটি বই পড়ার প্রতি শিক্ষার্থীদের অদম্য আগ্রহ সৃষ্টি করছে এবং তাদের পাঠ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়ার অভ্যাস দীর্ঘস্থায়ী করতে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun