শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকার কর্তৃক বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনীত অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার, মূল অভিযুক্তকে প্রকাশ্যে ভুল স্বীকার ও সত্য প্রকাশ প্রসঙ্গে জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রী উজ্জ্বল কুমারের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বন্ধু তিতাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবননগর মকছেদ মার্কেটের হ্যাপি জুয়েলার্সের সত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমার দীর্ঘ ২৬ বছর যাবৎ অত্যন্ত বিশ্বাসের সাথে কর্ম সম্পাদন করে আসছেন। জীবনের অনেক চড়াই, ঘাত-প্রতিঘাত ও উৎরাইকে পেছনে ফেলে তিনি আজ এ অবস্থানে পৌঁছেছেন। মানুষের ভালোবাসা, দুঃখ-যন্ত্রণা ও ঘৃণার সংবেদনশীলতায় তার সঙ্গী। একটি ঘটনা তার সম্মানকে লুণ্ঠন করে। ফলশ্রুতিতে গত ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখে জেলা জুয়েলার্স সমিতির কার্যালয়ে এক সালিশ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. জাফর আলী মল্লিক। এছাড়া উক্ত সভায় জীবননগর জুয়েলার্স সমিতির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদসহ দামুড়হুদা জুয়েলার্স সমিতির সভাপতি আশেকুর দৌলা লিটন উপস্থিত ছিলেন। উক্ত সালিশ সভায় উপস্থিত সদস্যগণের উপস্থিতিতে দোষ-গুণ স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বাক্ষর করেন। পরবর্তীতে ওইদিন রাতেই জাস্ট ক্যাপিটাল মিডিয়াতে একটি নিউজ প্রকাশিত হয়, যা কিছুদিন আগের একটি ভিত্তিহীন সংবাদ প্ররোচনা মাত্র। জীবননগর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের চাঁদা দাবি শীর্ষক উপস্থাপনা ছিল উক্ত সংবাদ মাধ্যমের মূল বিষয়বস্তু। কিন্তু এটি ছিল মস্ত বড় ভুল বোঝাবুঝির বহিঃপ্রকাশ মাত্র। এ ভুলটাকে সংশোধন করার লক্ষ্যেই আজকের এই সংবাদ সম্মেলন। জুরাইজ রহমান জুনায়েদ সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।