ফিলিস্তিন সংকটের সমাধান না করে বিশ্বে শান্তির কথা বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) দেওয়া বক্তব্যে তিনি ফিলিস্তিন ও গাজায় চলমান মানবিক সংকটের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ওপর একটি ‘ক্ষত’ হয়ে রয়েছে। একই সাথে গাজা বর্তমান সময়ে বেসামরিক মানুষের চরম দুর্ভোগ ঠেকাতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, গত কয়েক দশকে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে একের পর এক প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু এর পরও সেখানে দখলদারত্ব ও সহিংসতা অব্যাহত রয়েছে। তার ভাষায়, বিশ্বে যতদিন দখলদারত্ব, আগ্রাসন ও অবিচার টিকে থাকবে, ততদিন প্রতিরোধও অবধারিতভাবে অব্যাহত থাকবে। গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানকার অব্যাহত হত্যাকাণ্ড মানুষের প্রতিরোধের ওপর বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে।
নিজের বক্তব্যের শেষ দিকে বিশ্বনেতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে পেজেশকিয়ান বলেন, ‘তাদের আর কী করার আছে?’ ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার তীব্র সমালোচনা করে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যে গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ দূর করা এবং দীর্ঘদিনের সংঘাতের অবসানের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়।