বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মো. ইকরাম ওয়াহিদ তোহা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। অভিযোগকারী ভুক্তভোগীও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার পাঁচ দিন আগে ভুক্তভোগী শিক্ষার্থী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি মো. জাহিদুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষার্থীর এজাহারের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা নেওয়া হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের পর বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।