খুলনা জেলা স্টেডিয়ামে গত ৪ ও ৫ অক্টোবর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে -স্টার নিউজ নারী ফুটবল প্রতিযোগিতা ২০২৬। প্রখর রোদ উপেক্ষা করে মাঠে নেমেছিলেন নারী ফুটবলাররা, যাদের দাপুটে পারফরম্যান্স স্টেডিয়ামকে মুখরিত করে রেখেছিল। এই টুর্নামেন্টের সফল সমাপ্তির মাধ্যমে খুলনা অঞ্চল থেকে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। এমন আনন্দ-উত্তেজনার মধ্য দিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে -স্টার নিউজ নারী ফুটবল প্রতিযোগিতা ২০২৬। রোদের আলোয় উদ্ভাসিত পুরো স্টেডিয়াম।
টুর্নামেন্টের প্রথম দিন, ৪ অক্টোবর মাঠে লড়াইয়ে নেমেছিল তিন দল। লটারির মাধ্যমে কুষ্টিয়া ফুটবল একাডেমি সরাসরি ফাইনালের টিকিট পায়। দিনের শুরুর ম্যাচে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ৩–১ গোলে রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে পরাজিত করে ফাইনালের জায়গা নিশ্চিত করে। পরে ফাইনাল ম্যাচে তারা দাপট দেখিয়ে কুষ্টিয়া ফুটবল একাডেমিকে ৭–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দ্বিতীয় দিন, ৫ অক্টোবর প্রতিযোগিতার ধারা ছিল আরও উত্তেজনাকর। প্রথম ম্যাচে এস বি আলী ফুটবল একাডেমি ৯–০ গোলে বড় ব্যবধানে মহিলা ফুটবল একাডেমিকে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয়। দিনের অন্য ম্যাচে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি ৩–১ গোলে মহাতাব বিশ্বাস ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। চূড়ান্ত লড়াইয়ে এস বি আলী ফুটবল একাডেমিকে ৬–১ গোলের ব্যবধানে হারিয়ে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন অনেকে। দ্বিতীয় দিনের শুরুর ম্যাচে এস বি আলী ফুটবল একাডেমির শিমলা ৫টি গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট করে ম্যাচসেরা হয়েছেন। অন্যদিকে, ফাইনাল শেষে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির ম্যাচসেরা খেলোয়াড় জ্যোতি মন্ডল জানান, তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। কঠোর অনুশীলনের মাধ্যমে তারা সামনের দিনে আরও ভালো অবস্থানে পৌঁছাতে চান বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মাঠে একদল খেলোয়াড়ের উচ্ছ্বাস, অন্যদিকে পরাজয়ের হতাশা। আমরা অনেক দূর থেকে প্র্যাকটিসে যাই।