চলমান সংঘাতের অবসানে নিজস্ব শর্তগুলো প্রকাশ্যে এনেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগরসহ কৌশলগত হরমুজ প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও কঠোর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান এই সুনির্দিষ্ট শর্তাবলি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে অপর পক্ষের প্রস্তাবগুলোর যথাযথ ও যৌক্তিক জবাব দেওয়ার প্রক্রিয়া চলছে।
একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ওমানের সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে ইরান। মেহের নিউজের তথ্যমতে, দুই দেশের মধ্যে এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। এছাড়া এই সংবেদনশীল বিষয়টি আন্তর্জাতিক ফোরামে কীভাবে তুলে ধরা হবে, সেই বিষয়েও পারস্পরিক সমঝোতা হয়েছে। খুব শীঘ্রই এই চুক্তিটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছে তেহরান।