ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ‘ডন অব ইয়েমেন’ নামে একটি বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করছে। সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, গত ২৪ ঘণ্টায় এই অভিযানের আওতায় হুথিদের লক্ষ্য করে দুই হাজার ৭৫০টিরও বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এসব ধারাবাহিক হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর অন্তত ১ হাজার ৪০০ জন যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
কর্নেল মাজিদ আল-নুজাইলি আরও জানান, অভিযানের অংশ হিসেবে হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। স্থলবাহিনীর অভিযানে শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যূহ ভেঙে একাধিক কৌশলগত অবস্থান পুনর্দখল করা সম্ভব হয়েছে এবং বাহিনীর অর্জিত সাফল্য বজায় রাখা হয়েছে। সামরিক পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। গত রোববার থেকে ইয়েমেনে এই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো এসব দাবি এবং হুথি যোদ্ধাদের হতাহতের সংখ্যার বিষয়ে নিরপেক্ষ কোনো উৎস থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধের বর্তমান পরিস্থিতির ওপর স্বাধীন কোনো পর্যালোচনায় এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।