খুলনা নগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে নগরীর সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলা পুলিশে কর্মরত এই কর্মকর্তা রূপসা উপজেলায় বিশেষ দায়িত্ব পালন শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। এসময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে আঘাত করে জখম করে। এ সময় তার দুই হাতের কবজি ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
প্রথমে এসআই শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।