দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে বা উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজনের প্রাণহানি ঘটেছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ১৩১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট ২২ হাজার ৩২৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০৪ জন, আর বাকি ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।