গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ১০ অক্টোবর তাঁরা আন্দোলন করেন। পরে ১৩ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা আবারও আন্দোলনে নামেন। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এ সময় বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় পুলিশ। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল সাড়ে নয়টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ চালিয়ে যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।