ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজার ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করবেন, জনগণ তাদেরই সমর্থন দেবেন। ভালো কাজের স্বীকৃতি ও মূল্যায়ন রাজনীতিবিদদের জনসেবায় আরও অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাঁদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। পূজা উদযাপনকারীদের পক্ষ থেকে এলাকার রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা এবং আবাসন সমস্যার মতো বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মন্ত্রী এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার স্বার্থে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
হিন্দু সম্প্রদায়ের সবার শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করা হয়। বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী।
এই আয়োজনে বিটিসিএল এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক সম্প্রীতির পরিবেশে সম্পন্ন হয়, যেখানে স্থানীয় উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা প্রাধান্য পায়।