1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সবাইকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষের সম্মিলিত অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের উন্নয়নের জন্য সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। সরকার গঠনের পর থেকেই তার প্রশাসন সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

সরকারের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগও ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের সহায়তায় তার সরকার কাজ করছে। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি।

শারদীয় দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উৎসব চলছে। সব ধর্মের মানুষ মিলে এই দেশ স্বাধীন করেছে, তাই আমরা চাই সবাইকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।’ এ সময় উপস্থিত জনতাকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটাই আজকের বড় প্রত্যাশা। এই আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত জনতা হাত উঁচিয়ে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা আছেন আমার সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun