বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।
একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় সড়কে টায়ার, কাঠ ও আসবাবপত্র ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে দুই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিছুক্ষণ পর পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে সরে গেলে শ্রমিকেরা আবারও মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরে দুপুরের দিকে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। একপর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।