পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, সরকারকে ব্যর্থ করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিয়ে পোশাকশিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর ফলে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানজট ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে যুবদল।
তিনি আরও বলেন, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে কারখানা ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিচ্ছে। যুবদলের এই নেতা বলেন, যাঁরা প্রতিদিন সেলাই মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাঁরা নিজেদের কর্মস্থল ভাঙচুর করতে পারেন না। একইভাবে জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে শ্রমিকেরা আগুন দিতে পারেন, সেটিও তিনি বিশ্বাস করেন না।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।