রাজস্থানের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—এই তিন স্তরেই বিরোধী দল কংগ্রেসের কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশের নিয়ন্ত্রণ এখন কংগ্রেসের হাতে, যার ফলে গ্রামীণ জনপদে বিজেপির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে চারটি জেলার ভোট গণনা স্থগিত রয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসন সংখ্যায় বিজেপি কার্যত কংগ্রেসের তুলনায় দ্বিগুণেরও বেশি পিছিয়ে আছে।
নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের এলাকা থেকে।
সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতে বিজেপি তৃতীয় স্থানে নেমে গেছে এবং সেখানে জয়ী হয়েছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি।
এছাড়া ভরতপুর জেলায়, যা মুখ্যমন্ত্রীর নিজ জেলা হিসেবে পরিচিত, সেখানে ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২১ থেকে ২২টিতেই জয় পেয়েছে কংগ্রেস।
একইভাবে জয়পুর জেলার ফাগি পঞ্চায়েত সমিতিতেও বিজেপির ভরাডুবি হয়েছে; ১৫টি আসনের একটিতেও জয় পায়নি তারা। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের নির্বাচনী এলাকার পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে বোর্ড গঠন করেছে, সেখানে বিজেপি মাত্র একটি আসনে জয় পেয়েছে। এমনকি নগরোন্নয়নমন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের চার সদস্যও নির্বাচনে পরাজিত হয়েছেন। তাঁর স্ত্রী ও ছেলেসহ পরিবারের চার সদস্য প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন। নির্বাচনে বড় জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে কংগ্রেস। সে সময় উত্তরপ্রদেশে এনডিএর শরিক দল ও মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় মন্তব্য করেছিলেন, শিক্ষিত ভোটাররা ভোট দেওয়ায় এনডিএ প্রার্থীরা পরাজিত হয়েছেন।
এই ফলাফলকে গ্রামীণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল দাবি করেছেন, কর্মসংস্থানের অভাব, আয় হ্রাস, কৃষকদের বঞ্চনা এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। তার মতে, ব্যালটেই মানুষ এই বঞ্চনার জবাব দিয়েছে। কংগ্রেসের প্রতি জনসমর্থন পুনরায় বৃদ্ধি পাওয়ায় দল এখন বেশ উজ্জীবিত।
বিজেপি রাজস্থান শাখার সভাপতি মদন রাঠোর নির্বাচনের এই ফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের সাংগঠনিক দুর্বলতাগুলো কোথায় রয়েছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। ২০২৮ সালে রাজস্থানে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান এই ফল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি বড় সতর্কবার্তা। বিশেষ করে নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন দলের জন্য গ্রামীণ ভোটারদের এই অনাস্থা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইতিপূর্বে উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে শিক্ষক ও স্নাতক ভোটারদের সমর্থন হারিয়েছিল বিজেপি। বর্তমান রাজস্থানের এই ফলাফল গ্রামীণ পর্যায়ে বিজেপির জনপ্রিয়তা যে হ্রাস পাচ্ছে, সেই বার্তাই দিচ্ছে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে কোণঠাসা করে ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়েছিল বিজেপি। তাঁর নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় এই নির্বাচনী পরীক্ষায় ব্যর্থতা এখন বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। আগামী বিধানসভা ভোটের আগে এই বিপর্যয় কাটিয়ে দল কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।