1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে প্রোটিয়া বোলাররা, জানালেন মার্করাম শিশুদের রক্তনালির জটিল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়? বিশ্ববাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি

জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গত শুক্রবার সন্ধ্যায় বার্লিনের স্প্রিভোগেন প্রেসিডেন্ট ভবনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার আয়োজিত এক আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নিয়ে তিনি দুই দেশের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।

আমির বলেন, কাতার ও জার্মানির মধ্যকার এই সম্পর্ক কেবল অর্থনৈতিক বা বাণিজ্যিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি অভিন্ন নীতি, পারস্পরিক বিশ্বাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মতো মৌলিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আলাপচারিতায় তিনি শান্তি ও স্থিতি বজায় রাখতে দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ ও সমন্বয়ের ওপর জোর দেন।

জার্মানির ভূমিকার প্রশংসা করে আমির জানান, জ্বালানি ও বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানো প্রয়োজন। এটি উভয় দেশের মানুষের স্বার্থ রক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার কাতারের আমিরকে স্বাগত জানিয়ে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই সফরকে দুই দেশের মজবুত সম্পর্কের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। তিনি কাতারের উন্নয়নে শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনার অন্যতম মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। জার্মান প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার উপায় নিয়ে আমিরের সঙ্গে বিশদ কথা হয়েছে এবং এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষ থেকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, বুন্ডেসটাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun