হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ সাম্প্রতিক বোর্ড সভায় এই কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দিয়েছে। চুক্তি-সংক্রান্ত ক্রয় প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবের সঙ্গে ক্রয় প্রক্রিয়ার আইন ও বিধিবিধান অনুসরণের দুটি প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত এসব প্রত্যয়নপত্রে সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী প্রাক্কলিত ব্যয় নির্ধারণ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
তবে এই চুক্তির বেশ কিছু শর্ত নিয়ে আগে থেকেই বিতর্ক ও সমালোচনা রয়েছে।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার বাধ্যবাধকতা এবং ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর অন্য কোনো নতুন বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু না করার শর্ত।
বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও তীব্র সমালোচনা হয়েছে। সংসদীয় কমিটির সদস্যরা প্রশ্ন তুলেছেন, বিশাল ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের সক্ষমতা ও অবকাঠামোগত সুবিধা তখন কীভাবে ব্যবহার করা হবে। বিশ্বের অনেক উন্নত দেশ একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির রাখলেও এখানে রাষ্ট্রীয় বিনিয়োগের অপচয় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এতে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চুক্তির আর্থিক কাঠামোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ মোট রাজস্বের ২৭ শতাংশ পাওয়ার কথা রয়েছে। কিন্তু আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি আছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তৃতীয় টার্মিনালের সীমিত পরিসরে কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এ লক্ষে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার লাইসেন্সের আওতাভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন ও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই এই কার্যক্রমের আইনি ভিত্তি নির্ধারিত হবে। পাশাপাশি চুক্তির প্রস্তাব প্রক্রিয়াকরণে প্রচলিত আইন, বিধি ও প্রবিধান অনুসরণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের কার্যপরিধিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।