আবুধাবিভিত্তিক জনপ্রিয় এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ তাদের বহরের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকে নতুনভাবে সাজিয়েছে। ফর্মুলা ওয়ান রেসিংয়ের অংশীদার ম্যাকলারেন রেসিংয়ের আইকনিক রঙ ও ব্র্যান্ডিংয়ে রাঙানো হয়েছে বিশাল এই বাণিজ্যিক উড়োজাহাজটি। ১০ নভেম্বর আবুধাবির ইতিহাদ ইঞ্জিনিয়ারিং স্থাপনায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উড়োজাহাজটির এই নতুন সংস্করণ উন্মোচন করা হয়। আয়োজনে একক বৃহৎ পর্দা ব্যবহারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের একটি বিশেষ মুহূর্তও তৈরি হয়।
ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনোয়ালদো নেভেস জানিয়েছেন, ফর্মুলা ওয়ান বিশ্বজুড়ে অগণিত ভক্তকে এক সুতোয় বাঁধে এবং তীব্র উত্তেজনার সৃষ্টি করে। এই নতুন নকশার মাধ্যমে এয়ারলাইন্সটি ম্যাকলারেনের ভক্তদের আরও কাছাকাছি পৌঁছাতে চায়। উন্মোচনের পরপরই উড়োজাহাজটি মঙ্গলবার মাদ্রিদের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। ভবিষ্যতে ডাবলিন, মিলান, ভিয়েনা, বালি, ব্যাংকক ও দিল্লিসহ বিশ্বের বিভিন্ন রুটে এই ড্রিমলাইনার নিয়মিত চলাচল করবে। বিশেষ এই উড়োজাহাজের মাধ্যমে বিশ্বজুড়ে ম্যাকলারেনের ভক্তদের কাছে পৌঁছানোর পাশাপাশি দুই প্রতিষ্ঠানের অংশীদারত্বকে নতুনভাবে তুলে ধরতে চায় ইতিহাদ। এতে ম্যাকলারেনের বিখ্যাত প্যাপায়া বা কমলা রং এবং দলের স্বতন্ত্র পরিচিতি ফুটিয়ে তোলা হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে এটি পরিচালনা করা হবে।
ম্যাকলারেন রেসিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ব্রাউন বলেন, এই উদ্যোগটি দুটি বিশ্বমানের ব্র্যান্ডকে একই বিন্দুতে নিয়ে এসেছে, যা গ্রাহক ও ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন পথ তৈরি করবে। উড়োজাহাজটির চূড়ান্ত নকশা নির্বাচনের ক্ষেত্রে নেভেস ও ব্রাউন প্রায় ১৫টি বিভিন্ন বিকল্প পর্যালোচনা করেছিলেন। ২০২৬ মৌসুমের জন্য ইতিহাদ এখন ম্যাকলারেন মাস্টারকার্ড ফর্মুলা ওয়ান দল এবং ম্যাকলারেন হাইপারকার দলের আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কাজ করছে। সেখান থেকেই চূড়ান্ত নকশাটি নির্বাচন করা হয়।
উল্লেখ্য, ইতিহাদ ও ম্যাকলারেনের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের অংশ হিসেবে রেসিং কার ও ড্রাইভারদের হেলমেটেও ইতিহাদের ব্র্যান্ডিং দেখা যায়। এছাড়া ২০০৯ সাল থেকেই সংযুক্ত আরব আমিরাতের এই সংস্থাটি ফর্মুলা ওয়ান আবুধাবি গ্রাঁ প্রিঁর শিরোনাম পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছে। আগামী ৩ থেকে ৬ ডিসেম্বর আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের মৌসুমের শেষ রেসটি নিয়েও ব্যাপক প্রস্তুতি চলছে। প্রথমবারের মতো কোনো ফর্মুলা ওয়ান দলের পরিচিত রং ও ব্র্যান্ডিং যুক্ত হলো বড় আকারের বাণিজ্যিক উড়োজাহাজে। চলতি বছরের শুরুতে ঘোষণা করা ইতিহাদ ও ম্যাকলারেনের অংশীদারত্বের অংশ হিসেবেই নতুন এই উদ্যোগ।