বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় সম্প্রতি চালানো ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহার পক্ষ থেকে এই আক্রমণকে বাহরাইনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যেকোনো অর্থনৈতিক স্থাপনা, সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলার ঘটনা কাতার জোরালোভাবে প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যাবে। এর ফলে অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাগুলো বাধাগ্রস্ত হতে পারে।
সংকটের এই সময়ে বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে কাতার। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইন যে কোনো বৈধ পদক্ষেপ গ্রহণ করলে কাতার তার প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে।