চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং জাতীয় ঐক্যের রূপরেখা তৈরির লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রথম দিনেই সরকারের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার ডাকে সাড়া দিয়ে সংলাপের প্রথম দিন আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার সঙ্গে বৈঠকে অংশ নেবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন।
এর আগে জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি ১১টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলাদা আলোচনাও সম্পন্ন করেছে। এসব আলোচনার ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আনুষ্ঠানিক সংলাপ শুরু হলো।