গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘদিন ধরে হার্নিয়া সমস্যায় ভুগতে থাকা বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের চিকিৎসকেরা। বাবুল মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার আব্দুল গনির ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। এ সময় সহযোগিতা করেন মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মো. আল নাফিস এবং জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক সংকট ও সীমিত জনবলসহ নানা প্রতিকূলতার মধ্যেও উপজেলার বিপুলসংখ্যক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো হার্নিয়া রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের অস্ত্রোপচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।