দুপুরের রান্নার কাজ শেষ। এবার বাড়ি ফেরার পালা। বাইসাইকেল নিয়ে কারখানার ভেতরের সড়ক ধরে এগোচ্ছিলেন আলতাফ হোসেন। পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে হঠাৎ সাইকেল থেকে পড়ে যান তিনি। আর এতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পেছনের দিকে নেওয়া একটি তুলাবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ৬৫ বছর বয়সী এই বাবুর্চি। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার নোমান গ্রুপের প্রতিষ্ঠান নাইস স্পান মিলস লিমিটেডের চকপাড়া ইউনিটে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কিসমত ফতেজংপুর গ্রামের বাফাজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে শ্রীপুরে বসবাস করতেন তিনি। মাওনা উত্তরপাড়া এলাকায় কামরুল হাসানের বাসায় ভাড়া থেকে ওই কারখানায় বাবুর্চির কাজ করতেন।কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, দুপুরে রান্নার কাজ শেষ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে বের হন আলতাফ। কারখানার ভেতরে একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। একই সময় পেছনের দিকে যাচ্ছিল তুলাবোঝাই কাভার্ডভ্যানটি। চালক তাঁকে দেখতে না পাওয়ায় গাড়ির পেছনের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর বুকসহ শরীরের বাম পাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনাস্থলের পাশে বড় একটি জেনারেটর চালু থাকায় এর বিকট শব্দে তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিকুন্নাহার ইতি বলেন, আলতাফ হোসেনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।নাইস স্পিনিং মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার বেলাল আহমেদ বলেন, দুপুর পৌনে একটার দিকে কাজ শেষে সাইকেল নিয়ে ফিরছিলেন আলতাফ। এ সময় কারখানার ভেতরে একটি তুলাবাহী গাড়ি পেছনের দিকে নেওয়ার সময় অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তিনি গাড়ির নিচে পড়ে যান।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুর কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার প্রক্রিয়া চলছে। কাভার্ডভ্যানটি আটক রয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।