গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছু সময় পর মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকেও একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তাঁর সরকারি বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে বিস্ফোরিত ককটেল দেখতে পান। বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।
এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে নিচে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি স্থানে এ ধরনের ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। দুটি ঘটনাকেই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।