কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে চালু করা হয়েছে ‘প্রযুক্তি গ্রাম’। উপজেলার বদনীভাঙ্গা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখানোর পাশাপাশি কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে সফল প্রযুক্তিগুলো আশপাশের গ্রামেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও শুরু হয়েছে। কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থাপিত প্রযুক্তি গ্রামের উদ্বোধন করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বদনীভাঙ্গা গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কৃষি ও মৎস্যসহ বিভিন্ন খাতে উৎপাদন কার্যক্রম চলছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ গ্রামের সফল উদ্যোগগুলো পর্যায়ক্রমে অন্য গ্রামেও ছড়িয়ে দেওয়া হবে। এতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পকারখানার বিস্তারের কারণে কৃষিজমি কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই শিল্পায়নের পাশাপাশি কৃষিকেও গুরুত্ব দিতে হবে। কৃষিজমি রক্ষা ও খাদ্য উৎপাদন অব্যাহত রাখা জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির উন্নয়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তি গ্রামের মাধ্যমে কৃষকদের নতুন নতুন চাষাবাদ পদ্ধতি দেখানো হবে এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কৃষকেরা এসব প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা পাবেন এবং নিজেদের জমিতে প্রয়োগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক এসএম মাহফুল হাসান হান্নান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল আলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।