গাজীপুরে সাবেক এক কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর এক দিন পর শনিবার সকালে মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সাবেক কাউন্সিলরের নাম সাইজউদ্দিন মোল্লা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর শনিবার সকাল ৬টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে প্রবেশ করে। পরিবারের অভিযোগ, বাড়িতে থাকা আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের পর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, ঘটনাস্থলে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, জানালার লক ভেঙে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে আগুন লাগিয়েছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।