শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নির্দিষ্ট আসনে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজকের আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মারক উপহার বিতরণ এবং ‘শৈশব’ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হচ্ছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠান শেষে তিনি শিশু জাদুঘর ভবনে যাবেন এবং এর নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন।