যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান তাদের বহরে নতুন দুটি এয়ারবাস এ২২০-৩০০ উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটির মূল প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড (আইএএসএল) গত ১১ অক্টোবর সরকারি গেজেটের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আহ্বান করেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উড়োজাহাজ দুটি ২০২৭ সালের শেষ প্রান্তিক এবং ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত উড়োজাহাজ সংগ্রহের মাধ্যমে নিজেদের পরিবহন সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত চুক্তির মেয়াদ ছয় থেকে ১২ বছর পর্যন্ত হতে পারে। আগ্রহী লিজদাতা, উড়োজাহাজের মালিক, বাণিজ্যিক ব্যাংক এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৮ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তবে মধ্যস্থতাকারী বা দালাল প্রতিষ্ঠানগুলো এই দরপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। বাছাইকৃত উড়োজাহাজগুলো মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করবে এবং এগুলোকে মালদিভিয়ানের নিজস্ব রঙ ও নকশায় সজ্জিত থাকতে হবে। এতে ছয় থেকে ১২ বছরের জন্য উড়োজাহাজ দুটি পরিচালনাভিত্তিক লিজে নেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিটি উড়োজাহাজে মোট ১৩৮টি আসনের বিন্যাস চেয়েছে সংস্থাটি, যার মধ্যে আটটি বিজনেস শ্রেণি এবং ১৩০টি ইকোনমি শ্রেণির আসন থাকবে। কারিগরি মান বজায় রাখতে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে যে, সরবরাহের পর প্রথম ২৪ মাস বা পাঁচ হাজার উড্ডয়ন ঘণ্টা অথবা তিন হাজার ফ্লাইট চক্রের মধ্যে উড়োজাহাজগুলোতে বড় কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হওয়া চলবে না। অপ্রত্যাশিত রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ অচল থাকলে ভাড়া ছাড় দেওয়ার বিষয়টিও চুক্তির শর্তে অন্তর্ভুক্ত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপ্রত্যাশিত বড় ধরনের রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকলে ভাড়া ছাড়ের ব্যবস্থাও চাওয়া হয়েছে।
প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে কারিগরি উপযুক্ততার জন্য ৪০ শতাংশ, আর্থিক শর্তের জন্য ৪৫ শতাংশ এবং অতিরিক্ত বাণিজ্যিক সুবিধার জন্য ১৫ শতাংশ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। আর্থিক মূল্যায়নের সময় লিজ ভাড়া, জামানত, প্রস্তুতকরণ ব্যয় এবং চুক্তি শেষে উড়োজাহাজ ফেরতের খরচ বিশ্লেষণ করা হবে। এর পাশাপাশি লিজদাতাদের পাইলট ও কেবিন ক্রুদের প্রশিক্ষণ সহায়তা এবং ভেলানা বিমানবন্দরে উড়োজাহাজ পৌঁছানোর ব্যয় বহনেও উৎসাহিত করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা দরদাতাদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএএসএল।