সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে জানা গেছে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, পবিত্র মসজিদের নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য নষ্ট করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর ওই দুই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী আটক করে। এরপর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করে আদালতে তোলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় বহাল রেখে কার্যকর করার জন্য রাজকীয় আদেশ জারি করে, যার পরিপ্রেক্ষিতে মক্কা অঞ্চলে দণ্ডটি কার্যকর করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করতে সৌদি সরকার বদ্ধপরিকর। এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।