দেশের স্বাস্থ্য খাতের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে নতুন এক মাইলফলক তৈরি করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রমের অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে এই ডিজিটাল পদ্ধতিতে বদলি ও পদায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই উদ্যোগকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে ৯৫ জন চিকিৎসককে এই অটোমেশন প্রক্রিয়ায় বদলি করা হচ্ছে, যেখানে কোনো প্রকার পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে অটোমেশনের ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে চিকিৎসকদের তাদের নিজ নিজ উপজেলায় পদায়নের নির্দেশনাটিও সক্রিয়ভাবে বিবেচনা করা হবে এবং পুরো মন্ত্রণালয়কেই এই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের অনিয়ম দূর করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় বাস্তবায়িত এই অটোমেশন সেই সংস্কারেরই একটি বড় অংশ।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী জানান, সরকারি প্রশাসনিক প্রক্রিয়াকে আধুনিক ও গতিশীল করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সম্পূর্ণ ডিজিটাল এই প্রক্রিয়ায় মেধা, জ্যেষ্ঠতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের বদলি ও পদায়ন নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।