1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

ইয়ামাল একাই স্পেনকে বিশ্বকাপ জেতাতে পারে: ভিনিসিয়ুস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

স্পেনকে আসন্ন বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ও শিরোপা দাবিদার হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর সেই বিশ্বাসের সবচেয়ে বড় কারণ হিসেবে তিনি দেখছেন স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘তারা সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তারা দীর্ঘদিন ধরে একই দল ধরে রেখে খেলছে। সবচেয়ে বড় বিষয় হলো, তাদের দলে ইয়ামালের মতো একজন ফুটবলার আছে, যে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

ইয়ামালের প্রতিভার প্রশংসা করে ব্রাজিল তারকা আরও বলেন, ‘সে মাঠে অবিশ্বাস্য সব কিছু করে। সে এমন একজন খেলোয়াড়, যে একাই বিশ্বকাপ জেতাতে পারে।’

গত কয়েক বছরে স্পেনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন বার্সেলোনার এই তরুণ ফুটবলার। বয়স কম হলেও বড় ম্যাচে তার পারফরম্যান্স ইতিমধ্যেই ইউরোপজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গতি, ড্রিবলিং ও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কারণে অনেকেই তাকে ভবিষ্যৎ বিশ্বসেরা ফুটবলারদের একজন হিসেবে দেখছেন।

তবে বিশ্বকাপের আগে চোটের কারণে কিছুটা অনিশ্চয়তায় আছেন ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকে পাওয়া পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও বার্সেলোনা তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে। সে কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে। উরুগুয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের সম্ভাব্য দাবিদার নিয়ে কথা বলতে গিয়ে ভিনিসিয়ুস শুধু স্পেন নয়, আরও কয়েকটি দলকেও এগিয়ে রেখেছেন। তার মতে, পর্তুগাল বড় প্রতিদ্বন্দ্বী, কারণ দলে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি ভিতিনিয়া ও জোয়াও নেভেসের মতো ফুটবলারদেরও প্রশংসা করেন তিনি।

নিজেদের দল ব্রাজিল এবং ফ্রান্সকেও শিরোপার দৌড়ে রাখেন ভিনিসিয়ুস। ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের উপস্থিতিকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

তবে ইংল্যান্ডের কথা এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেও অন্যতম ফেবারিট বলেন ভিনিসিয়ুস। কারণ হিসেবে উল্লেখ করেন লিওনেল মেসির নাম।

ভিনিসিয়ুস বলেন, ‘আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের আত্মবিশ্বাস আছে, আর তাদের দলে মেসি আছে। সে সম্পূর্ণ আলাদা ধরনের খেলোয়াড়। মাঠে সে কী করতে পারে, মানুষ এখনও কল্পনাও করতে পারে না।’

সূত্র: গোল ডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun