খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানা-৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা-৬ জন, লবণচরা থানা-৩ জন, হরিণটানা-১ জন, খালিশপুর থানা-৫ জন, দৌলতপুর থানা-২ জন, আড়ংঘাটা-২ এবং খানজাহান আলী থানা-১ জন রয়েছে।
এ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বড় ভাই মাহমুদুর রহমান চৌধুরী জনি (৪০), গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী রনি শেখ (৩৪) এবং সন্ত্রাসী ইমন (২৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেএমপি। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসস’কে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবংশান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।